কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে
উদ্ভূত পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারে লেনদেন কয়েকদিন বন্ধ থাকার পাশাপাশি সময়সূচি
কমিয়ে আনা হয়েছিল। কাল বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুসারে চালানোর
নির্দেশনা দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেনও আগের সময়সূচিতে ফিরে
যাচ্ছে। কাল থেকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা
লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আজ মঙ্গলবার (৩০ জুলাই)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাভাবিক সময়ের মতো অফিস চালু রাখার নির্দেশনা দেয়া
হয়েছে। ফলে কাল থেকে স্বাভাবিক সময়ের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে।
এ সময় ব্যাংকের লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এর ধারাবাহিকতায় কাল থেকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে চার
ঘণ্টা লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০
মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলবে।










