চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লঞ্চ থেকে নামতে গিয়ে আট যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ১১টার দিকে মাঝেরচর নামক স্থানে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পর লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেন চালক। লঞ্চে চার শতাধিক যাত্রী ছিলেন। নৌ-পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলী লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চ দিয়ে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেয়া হয়। কর্ণফুলী-৩-এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেয়া হয়েছে।










