ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র যত গভীরই হোক, গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে তা টিকে থাকে না।
মান্না বলেন, যে অধিকার ও গণতন্ত্রের জন্য রক্ত এবং জীবন দিয়ে সংগ্রাম করা হয়েছে, তা ব্যঙ্গ করার মতো ঘটনার জন্য দুঃখ প্রকাশ ছাড়া কিছু করা যায় না। ক্ষমতার জন্য এ ধরনের ঘটনা কখনোই গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে পারে না। তিনি আরো বলেন, দল বা ব্যক্তি যত বড়ই হোক, সমগ্রের কাছে সবাই ছোট। এ মনোভাব ছাড়া গণতন্ত্র কার্যকর হবে না।
তিনি মনে করেন, যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য কাউকে নির্বাচন থেকে বাদ দেয়া নয়, বরং ভুল থাকলে তা সংশোধনের সুযোগ দেয়া। আইন অনুযায়ী হলফনামায় ভুল থাকলেও তা সংশোধনের সুযোগ থাকার কথা তিনি উল্লেখ করেন।
মান্না জানান, তিনি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছেন। এবারো অংশ নিচ্ছেন। বিরোধী পক্ষ যে কূটকৌশল করেছে, তা অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। নতুবা মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।
ব্যাংক ঋণ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল। বিষয়টি জানার পর ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে ওই কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্থানান্তরিত হন। তবে এ তথ্য মিডিয়ায় প্রকাশ হয়নি।
প্রতিদ্বন্দ্বীদের নাম উল্লেখ না করলেও মান্না বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা স্বাভাবিক। তবে কোমরের নিচে আঘাত দিয়ে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জেতা সম্ভব নয়। গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে ষড়যন্ত্র টিকে না। আজকের রায় তা প্রমাণ করেছে।
নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিপক্ষকে বাদ দিয়ে বিজয় অর্জনের মানসিকতা গণতন্ত্রকে রুদ্ধ করে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা রয়েছে। অনেক জায়গায় পুলিশ এখনো সক্রিয় বা প্রোঅ্যাকটিভ নয়। নীরবতা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এখনো তাদের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু তাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে, তাই মনোনয়ন প্রত্যাহার করা স্বাভাবিক নিয়ম হয়ে যাবে।










