ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও ফমেকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হাসপাতালের নতুন নামকরণ করা হয়। বুধবার দুপুরে নতুন নামফলক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের এ মাটির সন্তান। আমরা তার কাছে চিরঋণী। এ মেডিকেল কলেজের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করায় এ ঋণের বোঝা কিছুটা লাঘব হলো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ফমেকের একাডেমিক কাউন্সিলের সভার সম্মতিতে গত ১৮ ফেব্রুয়ারি নাম পরিবর্তনসংক্রান্ত একটি সুপারিশপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। গত ১২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্র আমাদের হাতে পৌঁছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সেনাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, বিএমএ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমুখ।