আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

এর আগে, দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবশক্তির নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলের সামনের সড়কে জড়ো হচ্ছেন। ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি বাইরের বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও এই অনুষ্ঠানে আসতে শুরু করেছেন। অনুষ্ঠান মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কেউ কেউ এসেছেন। বেলা সোয়া তিনটায় মঞ্চ থেকে আওয়ামী লীগবিরোধী ছড়া আবৃত্তি করা হয়।

অনুষ্ঠানের মঞ্চ থেকে যুবশক্তির বৈশিষ্ট্য নিয়ে নানা বক্তব্য দিয়েছে নেতাকর্মীরা।পরে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারিও (তথ্যচিত্র) দেখানো হয়েছে। মঞ্চ থেকে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগানের পাশাপাশি যুবশক্তির সাংগঠনিক স্লোগানও দেয়া হয়।