রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ‘গণহত্যার’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। ২০১৩ সালের ৫-৬ মে এসব ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলা।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় গণহত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। ৬১ জনকে হত্যার অভিযোগে এই গণহত্যার অভিযোগ দুটি আনা হয়েছে।

কারণ এখানে আইনানুযায়ী নির্দিষ্ট ইসলামী গোষ্ঠীকে লক্ষ্য করে 'গণহত্যা' চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ২০১৩ সালের ৫-৬ মে দুইদিনব্যাপী ঢাকার শাপলা চত্বর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে এই 'গণহত্যার' ঘটনা ঘটে।

৬১ জন নিহতের মধ্যে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে ৫৮ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও হাসানুল হক ইনু, মহিউদ্দিন খান আলমগীর, র‌্যাবের সাবেক মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে।

মামলাটিতে আট আসামিকে গ্রেফতার দেখানো হবে। এর মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একে এম শহীদুল হক, দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।

আর যারা পলাতক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।