ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ইউনাইটেড ও সৌখিন পরিবহনের অন্তত ৩০০ গাড়ি। এতে অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্যেশে রওনা হওয়া যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েছেন চরম বিপাকে।
শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাসচলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন। গন্তব্যের উদ্দেশে যেতে না পারায় বিপাকে পড়া যাত্রীরা বলেন, আলোচানার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান করা হোক। পরে সকাল ৮টার পর শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে অনশন ধর্মঘটের ডাক দেয় কিছু বাস টার্মিনাল পরিবহন শ্রমিকরা, সব সমস্যার সমাধান করে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থারও দাবি জানান তারা।
ইউনাইটেড পরিবহনের চালকের সহকারী সোহেল রানা বলেন, বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। কিন্তু এবার বাস বন্ধের যৌক্তিক কারণ রয়েছে। একটি ঘটনা ঘটায় শ্রমিক অরিণ জেলে রয়েছে। তারপরে ১৬টি বাস বন্ধের পাশাপাশি জব্দ করতে হবে এমন দাবি মানার মতো নয়। কারণ এসব বাসের সঙ্গে শ্রমিকের রিজিক জড়িত।
হেনেস্তার শিকার আবু রায়হান বলেন, প্রশাসন এবং শ্রমিক নেতারা আমাদের দাবি মেনে নেয়ায় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে গতকাল কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা চাই মাসকান্দা বাসস্ট্যান্ডে ফ্যাসিস্টের স্মৃতি চিহ্ন থাকুক। তবে দাবি মেনে নেয়ার পর শুনেছি মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড এবং সৌখিন পরিবহনের কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রী দুর্ভোগ হলে আবারও আন্দোলনে নামব।
ময়মনসিংহ মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, শ্রমিকরা আন্দোলন করার যথেষ্ট কারণ রয়েছে। আমাদের এক শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যায়। এটা ঠিক হয়নি। এছাড়া কিছুদিন পরপর চালক ও শ্রমিকদের হয়রানির শিকার হতে হয়। এতেও ক্ষুব্ধ হয়ে উঠেছেন পরিবহন শ্রমিকরা।










