দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় কুসুম সরকার (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের কাছ থেকে নয় ভরি স্বর্ণ ও ছয় কেজি পিতলের আংটি জব্দ করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার পথে পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করতে হিলি কাস্টমসে প্রবেশ করার পর কর্তৃপক্ষ তার কাছ থেকে এসব মাল উদ্ধার করে। কুসুম সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার এ পথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ভারতীয় নাগরিক কুসুম সরকার দাবি করেন, বগুড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে যাওয়ার জন্য বাসে করে হিলিতে আসি। এখানে বাস কাউন্টারে এক ব্যক্তি আমাকে এসব মাল দিয়ে বলে দুই হাজার টাকা দেব শুধু এগুলো ভারতে পার করে নিয়ে আমাকে দিয়েন। আমি নিতে চাইনি, এ সময় তারা আমাকে জোর করে দিয়ে দেয়। 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ জানান, গতকাল দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কুসুম সরকার নামের ওই ভারতীয় নাগরিক দেশে ফিরে যাওয়ার জন্য কাস্টমসের ব্যাগেজ শাখায় আসে। এ সময় তার গতিবিধি দেখে সন্দেহজনক হলে কাস্টমসের নারী সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছে ব্যাগের ভেতর থেকে নয় ভরি ১১ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

 এছাড়া ছয় কেজি ওজনের বিপুল পরিমাণ পিতলের আংটি পাওয়া যায়।

এসব মাল তার নয়, এগুলো অন্য কেউ তাকে দিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বর্ণালংকার ও পিতলের আংটিগুলো জব্দ করে হিলি কাস্টমস গুদামে জমা করা হয়েছে। পরে ওই ভারতীয় যাত্রীকে প্রক্রিয়া শেষে ছেড়ে দেয়া হয়েছে।