সেশনজট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভা হয়েছে। সে সভায় শিক্ষাকার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের সেশনজট লাঘবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়া ঘোষিত পরীক্ষা, চলমান সেমিস্টার ফাইনাল, বর্ষ ফাইনাল ও ল্যাব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। আবাসিক হল বন্ধ হবে না।
তিনি আরো বলেন, মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে হবে। এরপর মিডটার্ম পরীক্ষা অনলাইনে না সশরীরে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ সিদ্ধান্ত নেবে। পরীক্ষার রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলমান থাকলেও নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।










