সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফ্যাক্টরির পাউডার প্লান্ট-২-এর চার তলায় ডায়া মেশিনে এ অগ্নিকাণ্ড ঘটে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিল্ক ভিটা কারখানার পাউডার প্লান্ট-২-এর চার তলার ডায়া মেশিনের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিক অবস্থায় মিল্ক ভিটা অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে বাঘাবাড়ী নৌ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ী নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই ভবনের চার তলার ভেন্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, ডায়া মেশিনের ভেতরে থাকা বেশকিছু গুঁড়োদুধ পুড়ে গেছে। এছাড়া ডায়া মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ
নিরূপণ সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানার ডিজিএম অমীয় মণ্ডল জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিল্ক ভিটা পাউডার প্লান্ট-২-এর চারতলার ডায়া মেশিনের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেছে। তবে মেশিনের অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ
সম্ভব হয়নি।









