মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে গতকাল দুপুরে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। এখন কীভাবে তা প্রণয়ন করা হবে তা নির্ধারণে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে দায়িত্ব দিয়ে কমিটি করে দেয়া হয়েছে। আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ সম্ভব হবে।’

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’

একদিনের সফরে গতকাল সকালে সিলেট আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।