সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখে মিছিলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ছয়জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), মো. তন্ময় (৩২), মো. জাকারিয়া (৬০) ও মো. সিকান্দার (৪০)। দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
আহতদের হাসপাতালে নেয়া সহকর্মী মো. কালাম হাওলাদার জানান, পূর্বঘোষণা অনুযায়ী ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল কর্মসূচি ছিল। মিছিলটি শাহবাগ অতিক্রম করার আগমুহূর্তে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে ছয়জন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুরের দিকে ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।










