অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র ও টাস্কফোর্স কমিটির সুপারিশ বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। তিনি এ অবস্থাকে হতাশাজনক বলে মনে করেন।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইকনোমিক স্টাডি সেন্টারের আয়োজিত এ সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে জানতে চান।

সেলিম রায়হান বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর সংস্কার নিয়ে যে আগ্রহ ও আলোচনা ছিল, তা অনেকটাই কমে গেছে। মন্ত্রণালয়গুলোও দুটি কমিটির সুপারিশ নিয়ে কোনো সংস্কার কার্যক্রমের উদ্যোগ নেয়নি। ফলে মধ্যম আয়ের ফাঁদে পড়া দেশের অর্থনীতির সঠিক উত্তরণের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ শ্রীলঙ্কা ইতিমধ্যে সংকট কাটিয়ে ওঠার পথে রয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, আইএমএফের ঋণের প্রয়োজন হবে না। এ বিষয়ে সেলিম রায়হান বলেন, এখানে সংস্কার থেকে সরে আসার ঝুঁকি রয়েছে। রেমিট্যান্স থেকে কিছু অর্থ আসায় এমন মন্তব্য করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে যদি সংস্কার কার্যক্রম পিছিয়ে পড়ে, তাহলে অর্থনীতির জন্য তা ঝুঁকিপূর্ণ হতে পারে।