রাজধানীর ফার্মগেট-তেজগাঁও অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে চিন্তার চাষ’ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

কর্মশালায় সম্মানিত অতিথি থাকবেন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্রীন খান। রিসোর্স পার্সন হিসেবে থাকবেন চিন্তার চাষের নির্বাহী পরিচালক এস. এম. মেসবাহ্ আর রহমান।

আয়োজকরা জানায়, আগামী অক্টোবর ২০২৫-এ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কুল শিক্ষার্থীরা যাতে নিজেদের তৈরি করতে পারে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় স্কুল গবেষণার ধাপসমূহ, গবেষণা কী, কেন এবং আগ্রহের ক্ষেত্র চয়ন নিয়ে আলোচনা করা হবে। কর্মশালায় বাংলা গণমাধ্যম সহযোগী হওয়ায় বণিক বার্তাকে ধন্যবাদ জানান চিন্তার চাষের পরিচালক জাহিদুল ইসলাম।