চুয়াডাঙ্গায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হওয়ায় ওষ্ঠাগত হয়ে উঠছে জনজীবন। প্রতিদিন রাত থেকে শীতের তীব্রতা বেড়েই চলেছে। জেলা জুড়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৭ দিনে শীতের প্রকোপে নাকাল এ জেলার জনজীবন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এ নিয়ে ১২ ও ১৪ এবং ১৫ ডিসেম্বর ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল এ জেলায়।
গত ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করে। তাপমাত্রা আরো কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে শীত ও কুয়াশা কয়েক দিন অব্যাহত থাকবে। শীতের প্রকোপ আরো বেশী হবে বলে তিনি জানান। গত ২৭ দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকছে।










