জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ড. রইস উদ্দিনকে এ পদে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়।
অধ্যাপক ড. রইস উদ্দিন এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, বিগত সরকারের সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একাধিকবার নানা ধরনের নিপীড়নের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মুখসারিতে নেতৃত্ব দেন তিনি।










