ফেনীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নুরুজ্জামান (৪২) ও উম্মে হাবিবা শারমিন (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের কালীদহ ইউনিয়নের চালতাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া এলাকার আবুল কালামের ছেলে। অন্য নিহত শারমিন গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে গোবিন্দপুর মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মহীপাল থেকে ছেড়ে আসা কাজিরহাটগামী একটি বাস লালপোল পার হয়ে চালতাতলী এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের একটি চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় চালক নুরুজ্জামান ও শিক্ষার্থী শারমিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শারমিনের মৃত্যু হয়। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাজবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বপন কুমার (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত স্বপন বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা গ্রামের হরেন মাঝির ছেলে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বটগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন মোটরসাইকেলযোগে আবুল কালাম নামে অন্য এক যুবকের সঙ্গে রাজবাড়ী শহরে আসছিলেন। মোটরসাইকেলটি বানিবহ ইউনিয়নের বটগাছ মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্বপন গুরুতর আহত হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টায় তার মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।










