বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। আজ রোববার (১৩ আগস্ট) বেলা ১১টায় বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি।

এই কয়লায় খুব দ্রুত সময়ের মধ্যে খালাস করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফের উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭০০ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে বসুন্ধরা ইমপ্রেস। গত ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার টন কয়লা খালাস করে রামপালে পাঠানো শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন এমভি বসুন্ধরা ইমপ্রেসের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক। তিনি জানান, চট্টগ্রাম বন্দরে খালাস করার পর বাকি ৩১ হাজার ৭০০ টন কয়লা আজ মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ছোট লাইটারে করে রামপালে নেয়ার প্রক্রিয়া চলছে।

বিদ্যুৎ কেন্দ্রের উপ মহা-ব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার উল আজিমও জানান, রামপালের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে কেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে।

সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছালে দু-একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল। ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।