শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা। তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরিতে পুনঃবহাল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেন তারা। পরে শহীদ মিনারে বিক্ষোভ করেন।

শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো. জিয়াউল বণিক বার্তাকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য সকালে শাহবাগ থানার সামনে ব্যারিকেড ভেঙে অবস্থান নেন সাবেক বিডিআর সদস্য ও নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। সর্বশেষ বেলা তিনটার দিকে তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। তাদের দাবি, বিগত সরকারের নীল নকশায় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে। একই সঙ্গে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।