৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। তাদের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৩০ নভেম্বরের সুপারিশ অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের যথাযথ পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া যোগদানের পর এসব সহকারী কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপনে উল্লিখিত বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।