প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আলিফ ওয়ার্ল্ড মার্কেটিংয়ের চেয়ারম্যান মো. আয়নাল হক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল ইসলাম রয়নের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে মোট ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৬৭০ টাকা মানিলন্ডারিংয়ের সত্যতা পাওয়া গেছে।

সিআইডির তদন্তে জানা যায়, ‘আলিফ ওয়ার্ল্ড’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন প্রচার করতেন অভিযুক্তরা। প্রচারণায় দাবি করা হতো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ৮ হাজার ৫৪০ টাকা ফোস্টার পেমেন্ট নামের একটি পেমেন্ট গেটওয়ে বা কোম্পানির ব্যাংক হিসাবে জমা দিলে ৩০ কার্যদিবসের মধ্যে পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হবে।

এ উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয়ের গেটওয়ে হিসেবে ফোস্টার পেমেন্ট ব্যবহার করা হয়। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অসংখ্য গ্রাহক ফোস্টার গেটওয়ে ও কোম্পানির বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা দেন। তবে অল্পসংখ্যক গ্রাহক পণ্য পেলেও অধিকাংশ গ্রাহক নির্ধারিত সময় পার হওয়ার পরও কোনো পণ্য পাননি। পরবর্তীতে অভিযুক্তরা পণ্য সরবরাহ বা অর্থ ফেরত না দিয়ে অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শেষে সিআইডি বাদী হয়ে মানিলন্ডারিং মামলা করে। তদন্তকালে ব্যাংক হিসাব বিবরণী, গ্রাহকদের অর্ডার ও ইনভয়েস, ভুক্তভোগীদের জবানবন্দি এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্ত দুজন প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ নগদ উত্তোলন, নিজ নিজ ব্যাংক হিসাবে স্থানান্তর এবং ভোগ-বিলাসে ব্যয়ের মাধ্যমে মানিলন্ডারিং কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।