লাগামহীন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে প্রতিদিন সর্বোচ্চ দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা যাবে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন ৫০টি করে পেঁয়াজের আইপি ইস্যু করা হবে। প্রত্যেক আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা যাবে।
এতে আরো বলা হয়, গত ১ আগস্ট থেকে যে সব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল (রিসাবমিট) করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টায় সার্ভার খুলে দিয়ে আইডিগুলোকে আনলক করে দেয়া হবে। ৫০টি আবেদন রিসাবমিটের পর আবার স্বয়ংক্রিয়ভাবে সার্ভার বন্ধ হয়ে যাবে।
কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, রোববার থেকে যারা আইপি রিসাবমিট করবে সবকিছু ঠিক থাকলে ওইদিনই তাদের আমদানির অনুমতি দেয়া হবে। অর্থাৎ তিনি ওইদিন থেকেই পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা যাবে। বাজার যতদিন নিয়ন্ত্রণে না আসবে, ততদিন আমদানির অনুমতি দেয়া হবে।










