দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প খোলার দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন পর্যটন খাতের ব্যবসায়ী-কর্মচারীরা। আজ সোমবার সকালে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে সংস্পৃক্ত শত শত নৌযান মালিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় পর্যটন খাতের ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মো. মিজানুর রহমান, এম এ কাদের, রুপম খাঁন প্রমুখ বক্তব্য দেন।
মানবনবন্ধনে বক্তারা করোনার বিধিনিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার করার প্রতিশ্রুতিও দেন। তারা বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বনবিভাগ। এর ফলে দীর্ঘ ৬ মাস ধরে এ পর্যটন শিল্পের সাথে জড়িত ৫০টি লঞ্চ, সাড়ে ৩শ জালিবোট ও দেড়শ ট্রলারের প্রায় ৫ হাজার মালিক ও কর্মচারীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধন থেকে সুন্দরবন নির্ভরশীল পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা দ্রুত সুন্দরবন খুলে দেয়ার জন্য বনবিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দেশের বিভিন্নস্থানের পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে দেয়া হলেও ব্যতিক্রম সুন্দরবনের ক্ষেত্রে। আমরা ব্যবসায়ী-কর্মচারীদের দাবি- অচিরেই সুন্দরবন খুলে দেয়া হোক, তা না হলে আমাদের পথে বসতে হবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোন ধরনের নিদের্শনা আসেনি। নিদের্শনা পেলেই পর্যটকদের জন্য অবশ্যই সুন্দরবন খুলে দেয়া হবে।










