গত মৌসুমে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় দাম নেই আলুর। এ কারণে হিমাগারে রাখা আলু নিচ্ছেন না কৃষকসহ সংরক্ষণকারীরা। তাই সংরক্ষণ করা আলু নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে হিমাগার কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেছেন, হিমাগারে থাকা ৪-৫ লাখ টন আলু নিয়ে আমরা বিপদে আছি। নভেম্বরের মধ্যে হিমাগার থেকে আলু নেয়ার কথা থাকলেও অনেকেই এখনো নেননি।

আজ শুক্রবার বিসিএসএ আয়োজিত দুইদিনব্যাপী 'আলু উৎসব-২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। আলুর বহুমাত্রিক ব্যবহার ও আলুর বিভিন্ন পণ্য প্রদর্শনীর উৎসবটি কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজন করা হয়েছে।

বিসিএসএ সভাপতি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৫ সালে দেশে রেকর্ড পরিমাণ প্রায় ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ টন বেশি। আলুর উৎপাদন খরচ কেজিপ্রতি ১৬ থেকে ১৭ টাকা, পরিবহন, বস্তা, শ্রমিক, হিমাগারে সংরক্ষণ খরচ ও অন্যান্য খরচসহ কেজি প্রতি আলুর খরচ দাঁড়িয়েছে ২৫ থেকে ২৬ টাকা। এর বিপরীতে আলুচাষীরা হিমাগার গেটে ৮ থেকে ১৬ টাকা কেজি মূল্যে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা তাদের উৎপাদন খরচের চেয়ে অনেক কম। এতে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বিসিএসএ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। আরো ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ও মোহাম্মদ ইউনুছ, নার্নবার্গ মেসে ফিমা এক্সিববিশন (হাংঝু) কো. লিমিটেড, চায়নার জেনারেল ম্যানেজার টনি লিভ, পোস্টমাস্টার কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম উপস্থিত ছিলেন।