সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে আবারো রয়েল বেঙ্গল টাইগারের আনাগোনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর মাধ্যমে সেই ঘটনা ভাইরাল হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বাঘের ভিডিও ধারণ করে অনলাইন প্রকাশ করেন বনরক্ষী মোস্তাক আহমেদ।

ভিডিওতে দেখা যায়, বাঘটি কর্মীদের ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়।

কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ডিউটি শেষে রাতে ঘুমিয়ে পড়ি। গত ৮ আগস্ট সকালে ঘুম থেকে উঠে দেখি অফিসের সামনে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে বাঘটি দেখে হতভম্ভ হয়ে যায়। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও ওই এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গিয়েছিল। এর মধ্যে একটি বাচ্চা ও দুটি পরিণত বয়সের। অভয়ারণ্য এলাকায় সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্ব কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি।

এছাড়া বনে বাঘ বৃদ্ধি পেয়েছে দাবি করেন তিনি।