বিদ্যুতের উৎপাদন ঠিক রাখতে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সময় কমিয়েছে পেট্রোবাংলা। এতে আগের নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সকল সিএনজি স্টেশনগুলোতে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল নির্ধারিত ছিল। এখন দুই ঘণ্টা কমিয়ে রাত ৯টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সিএনজি স্টেশনগুলোর মালিকরা স্টেশন বন্ধের সময়সীমা কমানোর জন্য পেট্রোবাংলাকে অনুরোধ জানিয়ে আসছিলেন। এছাড়া সিএনজি স্টেশনে গ্যাস পাওয়ার ভোগান্তি থেকে মুক্তি পেতে সিএনজি চালকরা আন্দোলন-ধর্মঘটরা করেছিল। তাদের এ আন্দোলন ও মালিকদের অনুরোধের পরে পেট্রোবাংলার পক্ষ থেকে এ সিদ্ধান্ত এল।
প্রসঙ্গত, বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।










