বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।
বুধবার (২০ নভেম্বর) বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ট্রলারটি আটক করেন। পরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোস্টগার্ড জানায়, ট্রলারে প্রায় ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ছিল, যা নিলামে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আটকদের বুধবার রাতেই মোংলা কোস্টগার্ড কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর একই ধরনের অপরাধে বাংলাদেশী জলসীমায় মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।










