আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য আজ রোববার (৪ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে আবেদনটি।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়।

এরপর রিটের ওপর গত ২৯ ও ৩০ জুলাই শুনানি হয়। এরপর ৩১ জুলাই রিটটি আদেশের জন্য হাইকোর্টের ওই বেঞ্চ কার্যতালিকায় ওঠলেও সেদিন দ্বৈত বেঞ্চ বসেননি। অসুস্থতার কারণে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন ৩১ জুলাই ও ১ আগস্ট ছুটি নেন বলে জানা গেছে।

আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের যেসব স্বজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির নির্দেশনা চেয়েও আর্জি জানানো হয়। এর মধ্যে ১ আগস্ট আটক ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।