নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘মেয়াদোত্তীর্ণ মদ (বিয়ার) পান করে’ এক ছাত্রলীগ নেতা ও তার ব্যক্তিগত গাড়িচালকসহ তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের সাথে ‘মদপান করে’ অসুস্থ আরো দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মারা যাওয়া তিন যুবক হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই ও উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু (৩০), তার ব্যক্তিগত গাড়িচালক তোফাজ্জল হোসেন ও পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মহসিন (২৬)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু নিজ এলাকায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে তার ব্যক্তিগত অফিসে ছয় সাতজন যুবককে নিয়ে এক সাথে মদ্যপান করেন। মদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় পানের পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মধ্য রাতে ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান বাবুসহ অসুস্থ অন্যান্যদের রাজধানীর কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। শনিবার দুপুরে মারা যান উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু। একই গ্রামের কামাল মিয়ার ছেলে জিসান (২৫) মালিবাগের একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে রয়েছেন বলে পরিবারের স্বজনরা নিশ্চিত করেছেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান বাবুসহ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইতোমধ্যে মৃত দুজনের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।