অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ১১৪ বাংলাদেশীকে আটকের পর দেশে পাঠিয়ে দিয়েছে লিবিয়া সরকার। আজ বৃহস্পতিবার সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আইওএম-এর সহায়তায় তারা দেশে ফিরেছেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রীরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। সকাল ৮টা ১৫ মিনিটে বিআরকিউ ২২০ নামক একটি ফ্লাইটে ১১৪ জনকে দেশে আনা হয়। আইওএম-এর পক্ষ থেকে  প্রত্যেককে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা করে দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এ যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান ও মালয়েশিয়া যায়। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যায়, সেখান থেকে দালালরা ত্রিপোলিতে নিয়ে গেমঘরে রাখে। সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা তাদের আটক করে। দালালরা ১১ থেকে ১২-১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

যাত্রীরা কেউ ৬ মাস, কেউ ৯ মাস জেল খেটেছে। পরবর্তীতে জাতিসংঘের দ্য ইউনাইটেড নেশনস মাইগ্রেশন এজেন্সি আউট পাস নিয়ে তারা দেশে আসে বলেও জানান তিনি।