বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি ইউএসটিআরের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ঘাটতি হ্রাসে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি কমাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক এরইমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।‘

এই প্রেক্ষাপটে ড. রহমান বর্তমানে বিদ্যমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে উত্থাপন করেন। রাষ্ট্রদূত গ্রিয়ার প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে উৎপাদিত পোশাক রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে ড. রহমানের প্রস্তাবও গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষ অবশিষ্ট কয়েকটি বিষয় দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পারস্পরিক শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার বিষয়ে একমত পোষণ করে।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ফলে আগামী দিনে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে রাষ্ট্রদূত গ্রিয়ারের উদ্যোগ কামনা করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের বেসরকারি খাতের জন্য যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর অর্থায়নে প্রবেশাধিকার প্রদানের অনুরোধ জানান। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন। অপরদিকে ইউএসটিআরের পক্ষে সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।