সাতক্ষীরায় জামাইয়ের ছুরিকাঘাতে মোমেনা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাতেমা খাতুন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে ফাতেমার বাবা গোলাম হোসেনের বাড়িতে।
এ ঘটনায় মোমেনার জামাই আব্দুল মতিনকে গতকাল সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মতিন সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসার উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, পায়রাডাঙ্গার আব্দুল মতিনের সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এক মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি ছনকা তালসারি গ্রামে চলে আসেন। সম্প্রতি মতিন আবার ফাতেমাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ফাতেমার মা মোমেনা খাতুন এতে রাজি ছিলেন না।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে মতিন তাদের বাড়ি আসেন। গভীর রাতে সুযোগ বুঝে তিনি সাবেক স্ত্রী ফাতেমাকে ছুরিকাঘাত করেন।
এ সময় বাধা দিতে এলে মতিন শাশুড়ি মোমেনাকেও ছুরিকাঘাত করেন। এতে মোমেনা মারা যান এবং ফাতেমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, মোমেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোমেনার জামাই মতিনকে গ্রেফতার করা হয়েছে।










