বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লার সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ সময় উপস্থিত ছিলেন।

এডিবির নির্বাহী পরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরো কার্যকর ভূমিকা রাখবে।’

এডিবির নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি।’ টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।