জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে পরীক্ষার সময়সূচি আর পেছানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুরুতে আগামী ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর ১০ ফেব্রুয়ারি রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। এ কারণে রোজা ও ঈদের ছুটির সঙ্গে পরীক্ষা আয়োজনের সময় সমন্বয় করা সম্ভব হয়নি।’
এর আগে গত ১৪ মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। রোজা ও ঈদের সময়ের সঙ্গে পরীক্ষার সময়সূচি মিলে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ নিয়ে সমালোচনা হয়। পরে ২ জুন অংশীজনদের মতামতের ভিত্তিতে সূচি পুনর্নির্ধারণের কথা জানান তিনি।
গত ২৪ আগস্ট প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।










