রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর শিক্ষক আহত হয়েছেন।
মৃত শিক্ষকের নাম মো. হাসিবুল ইসলাম বুলবুল। তিনি বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের বাসিন্দা আর আহত শিক্ষকের নাম মো. জাহাঙ্গীর হোসেন, তিনি বালিয়াকান্দি উপজেলার খামার মাগুরা গ্রামের ইয়ার আলীর ছেলে। মৃত ও আহত দুজনই জামাল কলেজের শিক্ষক।
স্থানীয়রা জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল চারটার সময় জামালপুর কলেজের আইসিটি শিক্ষক হাসিবুল ইসলাম বুলবুল ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা জামালপুর বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে এলে মাটিবাহী একটি ট্রলি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক হাসিবুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই মাটিবাহী ট্রলিতে আগুন ধরিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










