শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরের মালেকের বাড়ি এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
এর আগে, শ্রম সচিব দুপুর একটার দিকে, একই আশ্বাস মোবাইল ফোনে দেয়ার পর শ্রমিকরা ২টার দিকে অবরোধ প্রত্যহারের ঘোষণা দেয়। কিন্তু তার এক ঘন্টা পর ৩টার দিকে তারা পুনরায় মহাসড়কের ওই অংশে অবরোধ করেছিল। তারপর থেকে দ্বিতীয়বার অবরোধ প্রত্যাহারের সর্বশেষ এ ঘোষণার আগপর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
প্রথম দফায় টানা ৫৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। পরে শ্রম সচিব এক মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে দুপুর ২টার পর অবরোধ তুলে নেন তারা। কিন্তু, শুধু আশ্বাসের ওপর তারা আস্থা রাখেন না এমন কথা বলে বিকেল ৩টার দিকে আবারো তারা মহাসড়ক অবরোধ করেন।
পোশাককর্মীদের দাবি, তারা আশ্বাস নয়, বেতন চান। বকেয়া বেতন পরিশোধ করলেই তারা অবরোধ প্রত্যাহার করবেন। গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, 'সচিব মহোদয়ের আশ্বাসের পর দুপুর ২টার পর তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল সোয়া ৩টার দিকে তারা আবারও সড়ক অবরোধ করেন।'










