রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে আজ একাধিক সমাবেশ ও অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এতে এসব এলাকায় ভিড় ও যানজট বাড়তে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য ডিএমপি নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।
আজ রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী।
ডিএমপি আরো জানিয়েছে, আজ রাজধানীর বিভিন্ন কেন্দ্রে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও বিসিএস পরীক্ষা রয়েছে। এর সঙ্গে একাধিক কর্মসূচির কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী এলাকায় ভিড় ও গাড়ির জটলা হতে পারে। বিশেষ করে শাহবাগ মোড়ে যান চলাচলে বেশি সমস্যা হতে পারে।
এ অবস্থায় যানজট এড়াতে ডিএমপি কিছু বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে। উত্তর দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে বাম দিকে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে যেতে বলা হয়েছে। পশ্চিম দিক থেকে আসা গাড়িকে কাটাবন মোড় থেকে শাহবাগে না গিয়ে নীলক্ষেত-পলাশী বা হাতিরপুল-বাংলা মোটর দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
হাইকোর্ট ও কদম ফোয়ারা দিক থেকে আসা যানবাহনকে শাহবাগ না গিয়ে হেয়ার রোড বা মগবাজার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। কাকরাইল মসজিদের দিক থেকে আসা গাড়িকে মৎস্য ভবনের পর শাহবাগ না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে বলা হয়েছে।
টিএসসি বা রাজু ভাস্কর্য মোড় থেকেও কোনো গাড়ি শাহবাগের দিকে যেতে পারবে না। সেগুলোকে দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে ঘুরে যেতে হবে। শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথও এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিশেষ করে আজকের পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে সময় হাতে রেখে বের হওয়ার অনুরোধ করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে নগরবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।










