সিরিজ শুরুর আগে বাংলাদেশই ফেভারিটের তকমা গায়ে মাখিয়ে খেলতে নামে। কাগজে-কলমে বাংলাদেশই সবদিক থেকে এগিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি র‍্যাংকিং ৯ আর যুক্তরাষ্ট্রের ১৯। অথচ বাংলাদেশই এখন হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে! টেক্সাসের হিউস্টনে গ্র্যান্ড প্রেইরি ভিউ কমপ্লেক্সে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। হারলেই যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশ হওয়ার বড় লজ্জায় ডুববে নাজমুল হোসেন শান্তর দল। 

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে মোনাঙ্ক প্যাটেলের দল। জবাব দিতে নেমে বাংলাদেশ ১৩৮ রানে অলআউট হয়ে যায়। ২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের বড় ক্ষতিটা করেছেন আলী খান। 

সিরিজ জয়ের পর মিডিয়াম পেসার আলী খান বলেছেন, তাদের এ জয় মোটেও ফ্লুক নয়। তিনি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন অঘটন ঘটাতে চান তারা। ৩৩ বছর বয়সী আলীর কথায়, ‘আমরা ক্ষুধার্ত, কাজেই আমাদের সামনে যা কিছু আসবে, সবই আমরা খেয়ে ফেলার চেষ্টা করব।’