বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়ায় জাকির হোসেন (৩২) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন তিন বছর আগে ধুনট উপজেলার মাঝবাড়ী গ্রামের গোলাম রব্বানীর মেয়েকে বিয়ে করেন। পরে শ্বশুরবাড়িতে ঘর জামাই থেকে মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দোকানের সামনে একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের (২২) কাছে পাওয়া ৫০০ টাকা চান জাকির হোসেন।

এ নিয়ে দোকানি জাকির হোসেন ও ক্রেতা জাহাঙ্গীর আলমের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জাহাঙ্গীর আলম কিলঘুসি মারলে জাকির অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্বশুরবাড়িতে নিয়ে গেলে শুক্রবার রাত ১১টার দিকে দোকানি জাকির হোসেনের মৃত্যু হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান,  অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।