সাগরে মাছ ধরতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বরিশালের পাঁচ জেলে। এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার বিকালে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন মো. শিপন হাওলাদার (২১), আলম হাওলাদার (১৮), হাসান সিকদার (১৬), মাফি (১৫) ও রায়হান (১৮)। এর মধ্যে রায়হানের বাড়ি বরিশাল। বাকি চারজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চাইলতাবুনিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে উপজেলার পায়রাবন্দরসংলগ্ন রামনাবাদ চ্যানেলে একটি ট্রলার নিয়ে মাছ ধরতে যান ওই পাঁচ জেলে। এর পর তাদের আর সন্ধান পাওয়া যায়নি। তাদের ব্যবহূত সেলফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের সন্ধানে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়। কিন্তু গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ জেলে শিপন ও আলমের বাবা মো. রফিক হাওলাদার বলেন, গত বুধবার রাতে পায়রাবন্দরসংলগ্ন রামনাবাদ চ্যানেলে একটি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে পাঁচজন নিখোঁজ হন। এরপর থেকে তাদের সেলফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত কয়েক দিন ধরে ট্রলার নিয়ে খুঁজতে থাকি। তার পরও তাদের সন্ধান পায়নি। গত মঙ্গলবারও দুটি ট্রলার তাদের খুঁজতে সাগরে যায়। কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। দুই ছেলের নিখোঁজের সংবাদে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে আছেন। দ্রুত আমার ছেলেদের সন্ধান পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এরই মধ্যে তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে।