আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। প্রাথমিকভাবে মনোনীত শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অন্যান্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ সময় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। আমরা দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনো জনমনে সন্দেহ সংশয় কাটছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখনো যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আরো দৃঢ় ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এবি পার্টি সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে উল্লেখ করে তিনি আরো বলেন, একযোগে একটি মধ্যপন্থী নতুন জোট গঠনের প্রচেষ্টা চালানো হবে। কারো জেদ ও হটকারিতায় গণতন্ত্রের পথ বিপন্ন হলে, পলাতক ফ্যাসিবাদীর পাশে তাদের নাম লেখা থাকবে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের সরকার হলেও কিছু পক্ষ এটিকে হেয় করার চেষ্টা করছে। তিনি ইতিহাসের শিক্ষাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক বাস্তবতা না বোঝালে ফলাফলও নেতিবাচক হতে পারে।
সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়কদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রংপুরসহ অন্যান্য অঞ্চলের বিভিন্ন দায়িত্বে থাকা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া যুব পার্টি ও ছাত্রপক্ষের নেতারাও উপস্থিত ছিলেন।










