যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আহবানে সারাদেশের মতো নওগাঁয় তুলসীগঙ্গা নদীর প্রাণ ফেরাতে কচুরী পানা ও আবর্জনা পরিস্কার অভিযান শুরু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া দেড় কিলোমিটার তুলসীগঙ্গা নদী পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও অংশ নেয় শহরের ৭-৮টি সংগঠনের প্রায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী।

এর আগে সকাল সাড়ে ৯টায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জানান, তুলসীগঙ্গা নদীর দেড় কিলোমিটার এলাকার কচুরিপানা ও আর্বজনা একদিনে পরিস্কার করবে বিডি ক্লিন, ইয়ুথ ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ ৭-৮টি সংগঠনের আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবী গুলনেহার গন্ধা পায়েল বলেন, নদী পরিষ্কার কার্যক্রমে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। শুরুতে এসব কার্যক্রমে বাসা থেকে বাঁধা দিলেও বিডি ক্লিনে কাজ করা পর যখন বাহবাও পাচ্ছিলাম, তখন থেকে পরিবারেরও সাপোর্ট পাচ্ছি।

বিডি ক্লিনের টিম মনিটর সাঈদ জোবায়েদ অনিক বলেন, আমরা চাই এই নদী আবারো প্রাণ ফিরে পাক। পুরো নদী পরিস্কার করতে পারলে পানিতে থাকা জলজ প্রাণিদের বসবাস করা অনেকটা সহজ হবে। নদী তার স্বাভাবিক গতিপথ আবারো ফিরে পাবে।

বিডি ক্লিন নওগাঁ জেলার সমন্বয়ক মো. রায়হান বলেন, তুলসীগঙ্গাকে পুনরুজ্জীবিত করতে এই কার্যক্রমে আমাদের এক শতাধিক স্বেচ্ছাসেবী নদীতে নেমে কাজ করছে। সহযোগিতা পেলে আগামী জানুয়ারি মাসের মধ্যেই পুরো তুলসীগঙ্গার আবর্জনা পরিষ্কার করবে বিডি ক্লিন।