শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি সর্বশেষ নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজে উরুর ইনজুরির কারণে খেলেননি। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শ্রীলংকায় গত মাসে টেস্ট সিরিজে সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নাইম শেখ ও নাসুম আহমেদ।
৫০ ওভারের ক্রিকেটে নিজেদের মাঠে সব সময়ই শক্তিশালী বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় শ্রীলংকার বিপক্ষে রোববার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল দল ঘোষণার পর নান্নু বলেন, হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এ সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। তবে ঘরের মাঠে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। আমরা সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
সাকিব আল হাসানের ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন, সাকিবকে নিয়ে এই সিরিজে ভালো কিছু করা সম্ভব। সাকিব বা সেরা খেলোয়াড়রা দলে এলে দল উপকৃত হয়। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।
এদিকে এই সিরিজে নিজেদের হারানোর কিছু দেখছেন না লংকান পেসার ইসুরু উদানা। গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে উদানা বলেন, অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও তারা এখানে জয়ের মানসিকতা নিয়েই এসেছেন।
শ্রীলংকা দলে অভিজ্ঞতার ঘাটতি তো আছেই। বাংলাদেশ দলে বেশ কয়েকজন মহাতারকা আছেন। আমরা তরুণ একটি দল নিয়ে এসেছি, এখানে আমাদের হারানোর কিছু নেই। আমরা ওদের হারাতে এসেছি, আর ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে চাই। কারণ আমরা জানি, নিজেদের মাঠে বাংলাদেশ খুবই বিপজ্জনক।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৩ মে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টায়।
প্রথম দুই ওয়ানডের দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মো. মিথুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মো. সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।










