দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুর ও সিরাজগঞ্জে চারজন রয়েছেন। এছাড়া ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী ও শরীয়তপুরে আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

গাজীপুর: মহানগরের যোগীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ: রায়গঞ্জে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শিশু মেরাজুল ইসলাম উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। অপরজন সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ: ভালুকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল (৩০) টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রাইভেট কারে সিলেট থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন রুবেল মিয়া। ভালুকা উপজেলার বিরুনিয়া মোড় এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক রুবেলসহ দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর: শ্যালোইঞ্জিনচালিত যানবাহন আলগামন উল্টে জুয়েল রানা নামে এক মাছচাষী নিহত হয়েছেন। গতকাল সকালে গাংনী মাছের আড়তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (৩২) গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

রাজশাহী: বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে শিশুসহ চারজন। গতকাল দুপুরে রাজশাহীর পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৫) পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে।

শরীয়তপুর: বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আল মামুন (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে শরীয়তপুর সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।