উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় গত এক সপ্তাহ যাবত জেঁকে বসেছে শীত। আজ রোববার (০৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে গতকাল জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকাল জেলায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
কেন্দ্রটির উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বণিক বার্তাকে বলেন, ভোররাতে খুব বেশি বাতাস না থাকলেও কুয়াশার আবরণে সকাল অবধি ঢাকা ছিলো পুরো নওগাঁ। এর প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও প্রখরতা নেই। এই শীত আগামী কয়েক দিনের মধ্যে আরো বাড়বে।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ সঙ্গে হালকা বাতাস বইছে নওগাঁ জেলায়। ঘন কুয়াশার কারণে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে সড়কে চলছে যাববাহন।










