বৈদ্যুতিক পণ্যের বাড়তি দাম নেয়ায় রাজশাহীতে একটি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের দুটি বিক্রয় কেন্দ্রসহ তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ সোমবার দুপুরের দিকে নগরজুড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকিতে গিয়েছিলেন তারা। নগরীর সাহেব বাজার এলাকার ওয়াল্টন বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। বাড়তি দামে বৈদ্যুতিক শেভিং মেশিন বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এ কাণ্ডে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলাদা অভিযানে ওয়াল্টনের সিএন্ডবি মোড়ের বিক্রয়কেন্দ্রকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠানটি বাড়তি দামে চার্জার ফ্যান বিক্রি করছিল।
একই কাণ্ডে নগরীর রেলগেইট এলাকার এমআর ইলেক্ট্রনিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন, মূল্য কারসাজির অভিযোগ এ তিন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইনে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। জনস্বার্থে নগরজুড়ে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন হাসান-আল-মারুফ।










