বগুড়া জেলা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাদশা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আজগর তালুকদার হেনা। বুধবার রাত ১০টার দিকে ওই দুই পদের ভোট গণনা শেষ হয়েছে। পরে মধ্যরাতে সাংগঠনিক সম্পাদক পদে ভোট গণনা শেষে জয়ী হন কেএম খাইরুল বাশার, সহিদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম বেলাল।

বিএনপির নেতৃত্ব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী আজগর আলী জানান, সভাপতি পদে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ হাজার ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম পেয়েছেন ৯১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট। এর আগে বুধবার দুপুর ১২টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।