সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় আগামীকাল সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, লকডাউনের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জরুরি নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারণ মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগের পয়েন্টগুলোতে পুলিশ চেকপোস্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বাধানিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। এরই মধ্যে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশ অতিক্রম করায় স্বাস্থ্য অধিদপ্তর লকডাউনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। গত দুদিনে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার ছিল প্রায় ৫৪ শতাংশ।