ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই চিকিৎসকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসছিলেন তারা। এছাড়া মানিকগঞ্জ, জামালপুর, কুষ্টিয়া ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মুন্সিগঞ্জ: রাতে হামদান এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে রাজধানীর দিকে যাচ্ছিল। একই পথে পণ্যবোঝাই একটি মিনি ট্রাকও যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে এসে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটির সামনে থাকা চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝামাঝি সড়কদ্বীপের রেলিংয়ে আলাদাভাবে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো দুজন মারা যান। নিহতরা হলেন যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মাওলানা মোস্তফা কামাল ও মো. রওশন আলী, নওদাগাহ গ্রামের মো. জিল্লুর রহমান এবং পাগলাদাহ গ্রামের ডা. মো. জালাল।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন বাসচালক ও হেলপার।
মানিকগঞ্জ: ট্রাকের ধাক্কায় সৈয়দ মো. আদ-দ্বীন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আদ-দ্বীন মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামদিয়ানালীর রফিকুল ইসলামের ছেলে।
জামালপুর: জেলার দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে। নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
কুষ্টিয়া: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার ভাদালিয়া ও ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার ভাদালিয়া এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসচাপায় হাফিজুর রহমান (৩০) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি কনস্টেবল হিসেবে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। অন্যদিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় সকাল ৭টার দিকে ট্রলিচাপায় রবিউল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মাগুরা: প্রাইভেট কারের ধাক্কায় তৈয়ব আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্ত্রীকে নিয়ে ভ্যানে করে ছেলের শ্বশুরবাড়ির আত্মীয়র জন্য পোশাক কিনতে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত তার স্ত্রী এবং ভ্যানচালকের অবস্থা আশঙ্কাজনক।










