বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মাসুদ মেটালের দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে ওই কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে সামছুল হক (৬০)।
মাসুদ মেটালের সত্ত্বাধিকারী সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিনই হান্নানের মুঠোফোন নম্বর থেকে তার কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে এবং লালমনিরহাট জেলায় টাকা নিয়ে যেতে হবে।
তিনি আরো জানান, শুক্রবার সকালেও হান্নানের মুঠোফোন নম্বর থেকে আবারো ক্ষুদে বার্তা পাঠানো হয় এবং সামনে বড় বিপদ অপেক্ষা করছে বলে হুমকি দেয়া হয়। মুঠোফোনে এ ধরণের হুমকি পেয়ে কারখানার চারপাশে তাদের খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার বর্জ্য জল নিষ্কাশনের ট্যাংকে তাদের লাশ পাওয়া যায়। পরে বগুড়া সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে লাশ দুটোকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।










